চির নিদ্রায় আর্চবিশপ মজেস কস্তা

আর্চবিশপ মজেস কস্তা ১৭ নভেম্বর ১৯৫০ খ্রিস্টাব্দে তুমিলিয়া ধর্মপল্লীতে জন্মগ্রহন করেন।  তিনি ৫ ফেব্রুয়ারী ১৯৮১ খ্রিষ্টাব্দে হলিক্রশ যাজক হিসেবে অভিষেক লাভ করেন। ৫ জুলাই ১৯৯৬ খ্রিষ্টাব্দে সাধু পোপ ‍দ্বিতীয় জন পল তাকে দিনাজপুর ধর্মপ্রদেশের বিশপ ‍হিসেবে নিয়োগ প্রদান করেন। ৬ সেপ্টেম্বর ১৯৯৬ খ্রিষ্টাব্দে তিনি বিশপীয় অভিষেক লাভ করেন। ৬ এপ্রিল ২০১১ খ্রিষ্টাব্দে চট্রগ্রাম ধর্মপ্রদেশের বিশপ হিসেবে মনোনীত হন। ২৭ মে ২০১১ খ্রিষ্টাব্দে চট্রগ্রাম ধর্মপ্রদেশের বিশপীয় পদে অধিষ্ঠিত হন। ২ ফেব্রুয়ারী ২০১৭ খ্রিষ্টাব্দে চট্রগ্রাম মহাধর্মপ্রদেশের আর্চবিশপ হিসেবে মনোনীত হন।

১৩ জুন তাঁকে ‍হেলিকপ্টারে ঢাকার স্কয়ার হাসপাতালে আনা হয়। চিকিৎসকেরা তাঁর শরীরে করোনা ভাইরাস সনাক্ত করেন। সেখানে তাঁর অবস্থা দিন দিন খারাপ হতে থাকে। খ্রিস্ট বিশ্বাসীদের নিকট বিশেষ প্রার্থনা আহ্বান করা হয়।

উল্লেখ্য যে, একই সময় কার্ডিনাল প্যাট্রিক গোমেজ ও ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে স্কয়ার হাসপাতালে ভর্তি ছিলেন।

এদিকে দীর্ঘ সময় লকডাউনে বন্ধ থাকার পর মাত্র কিছুদিন আগেই গির্জাগুলো প্রার্থনার জন্য উন্মুক্ত করা হয়। কিন্তু করোনার প্রাদূর্ভাবে বিশ্বাসীদের উপস্থিতিও তুলনামূলক কম।

ঈশ্বরের আর্শীবাদে, ভক্তবিশ্বাসীদের প্রার্থনায় আর চিকিৎসক-নার্সদের সেবায় তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেন। কিন্তু স্বাভাবিক জীবনে ফিরে আসার আগেই ৯ জুলাই তিনি আবার অসুস্থ হয়ে পড়েন। তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। ১২ জুলাই তিনি মৃত্যুবরণ করেন।